আকস্মিকভাবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আলজেরিয়া।
আবুধাবির একের পর এক ‘উসকানিমূলক ও বৈরি’ আচরণের অভিযোগ তুলে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয় দেশটি। তবে ঠিক কোন কর্মকাণ্ডের কারণে সম্পর্ক ছিন্ন করা হয়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমিরাতের কর্মকাণ্ড এমন পর্যায়ে পৌঁছেছে যে সেগুলো আর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার সব পথও শেষ হয়ে গেছে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা আলজেরিয়ার এ সিদ্ধান্ত সাময়িক হবে বলে আশা করছে। দুই দেশের সম্পর্ক ও অভিন্ন স্বার্থ রক্ষায় আবুধাবি প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, তারা ভ্রাতৃপ্রতিম আলজেরীয় জনগণকে শ্রদ্ধা করে এবং আমিরাতে বসবাসকারী আলজেরীয় নাগরিকদের পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যকার বন্ধনকে গুরুত্ব দেয়। আমিরাতে থাকা আলজেরীয় সম্প্রদায় ও দেশটিতে যাওয়া আলজেরীয় পর্যটকদের মাধ্যমেও এ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে জানায় তারা।
সাম্প্রতিক বছরগুলোতে আলজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে। আলজেরিয়ার সংবাদমাধ্যমগুলোতে আমিরাতের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছে। পাশাপাশি আবুধাবি আঞ্চলিক বিরোধ উসকে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে।
এদিকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির এনাহার টিভি জানিয়েছে, শুক্রবার থেকে আমিরাতে নিবন্ধিত সব বেসামরিক ও সামরিক বিমানের জন্য আলজেরিয়ার আকাশসীমা বন্ধ করে দেওয়া হবে।
তবে চলতি বছরের শেষ পর্যন্ত বিদ্যমান চুক্তির মেয়াদ অনুযায়ী আলজিয়ার্সে চলাচলকারী আমিরাতের বাণিজ্যিক ফ্লাইটগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূতকে তলব করে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সিদ্ধান্ত কার্যকরের জন্য তাকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন