শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়ে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) শুনানি অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২৩ জুলাই শুনানি শেষে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল। একই দিন তাকে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয় এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।
ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা। প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, জিয়াউর রহমান হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মূলত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগকে কেন্দ্র করে মামলাটি পরিচালিত হচ্ছে। এ মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীও আসামি হিসেবে রয়েছেন। প্রসিকিউশনের দাবি, মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই জুলাইয়ের আন্দোলনের সময় মেজর মোজাফফরের যোগাযোগ ও সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।
উল্লেখ্য, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মামলায় তার বিরুদ্ধে সামরিক আইনে বিচারিক কার্যক্রম চলমান থাকায় গ্রেপ্তারের পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি সেনা হেফাজতে রয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন