সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতির মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর মুহাম্মদ তরিকুল ইসলাম।
দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, নির্ধারিত সময় পার হওয়ার পরও ইমা ক্লেয়ার বার্টন নির্ধারিত ছকে সম্পদ বিবরণী কমিশনে জমা দেননি।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন ও ওই সম্পদ নিজের দখলে রাখার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে ২০২৫ সালের ৪ জুন তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদকের আবেদনে আরও বলা হয়, তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ইমা ক্লেয়ার বার্টন গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করে বিদেশে চলে গেলে মামলার গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহে ব্যাঘাত ঘটতে পারে এবং তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদন করা হয়।
এর আগে ২০২৫ সালের জুনে নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল দুদক। সংস্থাটি তখন তাঁর বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের কথা জানিয়েছিল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন