সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত ১০ সেপ্টেম্বর দেওয়া ওই রায়ের পর ড. ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন আরও কর মামলা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) খোঁজ নিয়ে জানা গেছে, ড. ইউনূসের বিরুদ্ধে করসংক্রান্ত আরও ৩১টি মামলা হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। এসব মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর দাবি প্রায় কয়েকশ কোটি টাকা।
এ ছাড়া শ্রম আদালত ও শ্রম আপিল ট্রাইব্যুনালেও ড. ইউনূসের বিরুদ্ধে আরও ১৯টি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রামীণ কল্যাণের করসংক্রান্ত মামলাগুলোর একটি অংশ ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় দায়ের হয়েছিল। বর্তমান বিএনপি সরকারের সময়ে এসব মামলার একটি গুরুত্বপূর্ণ নিষ্পত্তি হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনাঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
তবে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের দাবি, ড. ইউনূস ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারও আওয়ামী লীগ সরকারের পথ অনুসরণ করছে।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের বক্তব্য, আদালতের রায়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন