জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ১৭ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। তবে নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত নতুন করে ১৭ নভেম্বর তারিখ ধার্য করেন। দুদকের জিআর শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার অপর আসামিরা হলেন সমবায় অধিদফতরের উপনিবন্ধক আবুল খায়ের, তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিও হিসাবে অবৈধভাবে সিরিজ লেনদেন, প্রতারণামূলক সক্রিয় ট্রেডিং, গ্যাম্বলিং ও স্পেকুলেশনের মাধ্যমে শেয়ারবাজারে কারসাজি করেন বলে অভিযোগ করা হয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত করা হয় এবং তারা বিপুল পরিমাণ অর্থ হারান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এতে সাধারণ বিনিয়োগকারীদের মোট ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে দাবি করা হয়।
এসব অভিযোগের ভিত্তিতে গত বছরের ১৭ জুন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের জন্য এর আগে একাধিকবার তারিখ নির্ধারণ করা হলেও তা পিছিয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন