ভোলার মনপুরায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে পাঁচ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪৬ কেজি মা ইলিশ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া জব্দ করা মা ইলিশ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে মনপুরা উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল ও মাছ উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিসি বেইস আউটপোস্ট মনপুরার একটি দল।
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার চেষ্টা
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে মেঘনা নদীর মাঝেরঘাট, জনতা, লতাখালী ও খারির খালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল দেওয়া হচ্ছিল। বুধবার গভীর রাতে নিষেধাজ্ঞা অমান্য করে একদল জেলে নদীতে জাল ফেলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের টহল নৌযানের উপস্থিতি টের পেয়ে জেলেরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে নদীতে পরিত্যক্ত অবস্থায় পাঁচ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪৬ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়।
জাল পুড়িয়ে ধ্বংস, এতিমখানা ও দুস্থদের মধ্যে মাছ বিতরণ
উদ্ধার করা জাল রাত ৩টার দিকে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের নায়েবের হাট এলাকায় নেওয়া হয়। পরে স্থানীয় প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী কোস্ট গার্ডের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অন্যদিকে, উদ্ধার করা ৪৬ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।
অভিযান অব্যাহত রাখার ঘোষণা
কোস্ট গার্ডের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, মা ইলিশ দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এবং জাতীয় সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কোস্ট গার্ড জানায়, ইলিশের প্রজনন সুরক্ষা এবং নদীর মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন