রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানা পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানান। গ্রেপ্তার দুজন হলেন—সাখাওয়াত হোসেন রায়হান (৩২) ও সাইমুন (২৩)।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ২৯ ও ৩০ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে শাহজাহানপুর থানা পুলিশ গোয়েন্দা তৎপরতা শুরু করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে রায়হান ও সাইমুনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সাখাওয়াত হোসেন রায়হান বাংলাদেশ রেলওয়ের কমলাপুর রেলস্টেশনের এমওডি শাখায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাহজাহানপুর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বলেও জানিয়েছে পুলিশ। অপর গ্রেপ্তার সাইমুনকে শাহজাহানপুর থানা এলাকার যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।
ডিএমপির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় আরও কয়েকজনের নাম ও পরিচয় পাওয়া গেছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই এবং গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন