কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাতে জড়ো হয়ে অনলাইন জুয়া খেলার অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া মাদক সেবনের অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, রাত ১১টার দিকে সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা বাজার এলাকা থেকে অনলাইন জুয়া খেলার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়। একই রাতে কেরামতিয়া উচ্চবিদ্যালয় মাঠ থেকে মাদক সেবনের অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলা উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ১৯ জনের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং ৯ জনকে জরিমানা করা হয়েছে।
সাজাপ্রাপ্তদের মধ্যে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনীগাগলা এলাকার আশরাফুল আলম, নাগেশ্বরী পৌর এলাকার বানিয়াপাড়ার রিয়াদ বাবু, সন্তোষপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এরশাদুল মিয়া, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের রবিউল ইসলাম, রামখানার আস্করনগর হাজীটারী এলাকার আতাউর জামান, একই ইউনিয়নের সুজন রানা, মাদারের কুড়া পূর্ব এলাকার লাবু মিয়া, রায়গঞ্জ ইউনিয়নের এরশাদুল হক, একই এলাকার আবু সাঈদ ও জাহাঙ্গীর আলম এবং ফুলবাড়ীর কাশিপুর ইউনিয়নের ঘুঘুর হাট অনন্তপুর এলাকার আব্বাস আলী রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, আব্বাস আলীসহ দুজন মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানে কর্মরত। তারা অনলাইন জুয়ায় জড়িত ব্যক্তিদের সিম সরবরাহ করতেন বলে জানা গেছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান জানান, আটক ব্যক্তিদের শনিবার কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন