প্রায় ১৪ বছর পর আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৪৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে বুধবার মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনেই ৪০ জন এবং বৃহস্পতিবার আরও আটজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া শহরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই প্রার্থীরা ফেসবুক, মোবাইল ফোন এবং সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ করে প্রচারণা শুরু করেছেন। এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং পাঁচটি সদস্য পদে ভোটগ্রহণ হবে।
সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সর্বোচ্চ ৩৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং সেক্রেটারি পদে সাতজন মনোনয়নপত্র নিয়েছেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৯ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৩০ আগস্ট মনোনয়নপত্র নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৩১ আগস্ট প্রার্থী তালিকা প্রকাশ এবং ১ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইউনিট কার্যনির্বাহী কমিটি নির্বাচনের সদস্য সচিব ও ইউনিট অফিসার বৃন্দাবন চন্দ্র মণ্ডল জানান, ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি পদে মনোনয়নপত্রের মূল্য ৬ হাজার টাকা এবং সদস্য পদে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. আসাদুজ্জামান শাহীন, মো. আমির হোসেন ফারুক, এ বি এম মোমিনুল হক ও ফরিদ উদ্দিন আহম্মেদ।
সেক্রেটারি পদে মনোনয়নপত্র নিয়েছেন কামরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূইয়া, মো. মিজানুর রহমান, মো. হারুনুর রশিদ, মো. মোস্তাফিজুর রহমান খান জুয়েল ও মো. শাহ ওয়াসিম পারভেজ।
সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মনিরুল ইসলাম মানিক, মো. নিশাদুল ইসলাম, মো. তানভীর রুবেল, মো. লতিফুর রহমান আল-আমিন, এ এইচ এম শাহীন আহম্মেদ, মো. রুকুনুজ্জামান (রতন), আশরাফুল ইসলাম বাবু, মো. জিয়া কারদার, মতিউল ইসলাম কবির, মুকিতুর রহমান, মো. মোজাম্মেল হক, মো. নাজমুল ইসলাম আকঞ্জি, সহিদুল ইসলাম (অপু), শাহ আলম পালোয়ান, কাজী সাখওয়াত হোসাইন, মো. মুরাদ আহমেদ, আবদুল্লাহ আল মামুন, রুমেল উদ্দিন আহমেদ, নাছির আহমেদ, মো. মাইনুদ্দিন (রুবেল), মো. শাহাদাৎ হোসেন, মো. জুবায়েদ হোসেন, মো. কামরুল হক, মাজহারুল আহমেদ চৌধুরী, গিয়াস উদ্দিন, কাজী মহিবুল ইসলাম ডিকন, মো. সাঈদ হাসান সানি, মো. আলমগীর হোসেন সাগর, মো. আশিকুল ইসলাম (সুমন), মো. মাহাবুবুর রহমান, মো. অলিউর রহমান, আল আমিন মিয়া, মো. শরীফুল ইসলাম, মো. আবদুল লতিফ লিটন, আবুল কাশেম, মো. আবুল বাসার ও মোহাম্মদ আফজালুর রহমান রিপন।
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালে। ওই নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এ বি এম তৈমুর এবং সেক্রেটারি হন আহসান হাবিব। ২০১৪ সাল পর্যন্ত ওই কমিটি কার্যক্রম পরিচালনা করার পর আহ্বায়ক কমিটির মাধ্যমে ইউনিটের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
এবারের নির্বাচনে আজীবন সদস্য ভোটারের সংখ্যা ৯ হাজার ৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ভোটার রয়েছেন ১ হাজার ১৭৯ জন। সব মিলিয়ে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৬৪৫ জন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন