জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে রিমা আক্তার (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে শহরের কাচারিপাড়া এলাকার মোহাম্মদ আলীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিমা আক্তার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এলাকার শহিদুল্লাহর মেয়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিমা যে কক্ষে থাকতেন, সেটি গত দুই থেকে তিন দিন ধরে বন্ধ ছিল। শুক্রবার সন্ধ্যার পর কক্ষের ভেতর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে বাসার মালিকপক্ষ ও স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কক্ষটির দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে রিমার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
তবে রিমার প্রকৃত ঠিকানা নিয়ে পুলিশের মধ্যে কিছুটা সংশয় তৈরি হয়েছে। ভাড়া বাসার রেজিস্টারে তার ঠিকানা মাদারগঞ্জ উপজেলা উল্লেখ করা হলেও কক্ষ থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্রে ইসলামপুর উপজেলার ঠিকানা পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে তার প্রকৃত ঠিকানা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বাসার মালিকের ছেলে জাহাঙ্গীর বলেন, ‘আমি যতটুকু জানি, মেয়েটি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগে পড়ত। এর বেশি কিছু জানি না। মেয়ে মানুষ হওয়ায় বেশি খোঁজখবর রাখা হয়নি।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাজমুল জান্নাত শাহ বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহ ফুলে গেছে। ভাড়া বাসার রেজিস্টারে মেয়েটির ঠিকানা মাদারগঞ্জ দেওয়া হলেও তার জাতীয় পরিচয়পত্রে ভিন্ন ঠিকানা পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন