নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর ইউনিয়নের কদম মিয়ার পাড় এলাকায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, দলিলসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কদম মিয়ার পাড় এলাকার ওয়াসেক পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িটি আরিফ মাইনুদ্দিনের বলে জানা গেছে। তিনি মোরশেদ আলম কমপ্লেক্সের ‘সেভেন সেভেন’-এর মালিক এবং কদম মিয়ার পাড় আত্ম ও সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য ছিলেন না। এ সুযোগে ডাকাতরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে শুক্রবার রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের পরিস্থিতি দেখতে পান। এ সময় তারা আতঙ্কিত হয়ে পড়েন।
পরিবারের দাবি, ডাকাতরা ঘর থেকে সব স্বর্ণালঙ্কার, নগদ টাকা, গুরুত্বপূর্ণ দলিলপত্রসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। তবে কী পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি রবিউল হক মানিক মেম্বার, আত্ম ও সমাজকল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি তোফায়েল আহমেদ মিন্টুসহ স্থানীয়রা ঘটনাস্থলে যান। তারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রায়ই এ ধরনের চুরির ঘটনা ঘটছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় অপরাধীরা আরও উৎসাহিত হচ্ছে বলেও তারা দাবি করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে আরিফ মাইনুদ্দিনের পারিবারিক সূত্র জানিয়েছে, থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেবে বলে আশা করছেন স্থানীয়রা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন