‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় বিদ্যা সিনহা মিমের। দেখতে দেখতে বিনোদন অঙ্গনে দেড় যুগের পথচলা পেরিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। নাটকের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পেলেও কয়েক বছর ধরে ছোট পর্দায় নিয়মিত নন তিনি। বর্তমানে চলচ্চিত্র, ওটিটি ও মডেলিং নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন মিম।
বড় পর্দায় মিমের নতুন সিনেমা ‘জীবন অপেরা’। আলভী আহমেদ পরিচালিত সিনেমাটির শুটিং ও ডাবিং ইতোমধ্যে শেষ করেছেন তিনি।
মুক্তির অপেক্ষায় ‘জীবন অপেরা’
সিনেমাটির মুক্তি নিয়ে আশাবাদী মিম। তার প্রত্যাশা, চলতি বছরই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।
কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে মিম বলেন, “শুটিং ও ডাবিং করে দারুণ লেগেছে। গল্প ও চরিত্র নিয়ে এখনই কিছু বলা নিষেধ। তবে এটুকু বলতে পারি, এটি ভীষণ ভালো একটি সিনেমা হতে যাচ্ছে, যা আমার ক্যারিয়ারে সম্পূর্ণ প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে।”
ঢাকার বিভিন্ন মনোরম স্থানসহ দেশের বাইরেও সিনেমাটির চিত্রায়ণ হয়েছে। মিমের মতে, পরিচালকের যত্নশীল নির্মাণ এবং সুসংগঠিত টিমওয়ার্কের কারণেই কাজটি প্রাণবন্ত হয়ে উঠেছে।
নাটক থেকে বিরতি, অগ্রাধিকার সিনেমা ওটিটিতে
একসময় ছোট পর্দার নাটক নিয়ে নিয়মিত ব্যস্ত থাকলেও বর্তমানে সেখানে তাকে কম দেখা যায়। এ প্রসঙ্গে মিম বলেন, “নাটক যে আর কখনোই করব না, তা বলিনি। তবে এই মুহূর্তে আমার অগ্রাধিকার শুধুই সিনেমা আর ওটিটি। এমন কিছু কাজ রেখে যেতে চাই, যা দর্শক বছরের পর বছর মনে রাখবে।”
ওটিটিতে তার সাম্প্রতিক কাজ ‘লাইফলাইন’ দর্শকদের প্রশংসা পেয়েছে। এতে উচ্ছ্বসিত মিম ভবিষ্যতেও ভিন্নধর্মী গল্প ও চরিত্রে কাজ চালিয়ে যেতে চান।
ভ্রমণ ও ব্যক্তিজীবন
অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি নিজের পছন্দ ও ব্যক্তিগত সময়কেও গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী। ভ্রমণ করতে ভালোবাসেন তিনি। সুযোগ পেলেই দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ঘুরতে বেরিয়ে পড়েন।
দাম্পত্য জীবন প্রসঙ্গে মিম জানান, সবার আশীর্বাদে বেশ সুখে-শান্তিতেই কাটছে তাদের সংসার।
ডায়েরির পাতায় অনুভূতির কথা
অতীতের মতো নতুন উপন্যাস না লিখলেও লেখালেখির সঙ্গে সম্পর্ক এখনো রয়েছে মিমের। বর্তমানে ডায়েরির পাতায় নিজের ছোট ছোট অভিজ্ঞতা ও অনুভূতি লিখে রাখছেন তিনি।
দিনশেষে ভালো কাজ এবং দর্শক-ভক্তদের ভালোবাসাকেই শোবিজে দীর্ঘ পথচলার মূল প্রেরণা হিসেবে দেখছেন বিদ্যা সিনহা মিম। ভবিষ্যতেও বাছাই করা কাজের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিতে চান এই অভিনেত্রী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন