চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় তারা বাংলাদেশে ঢুকতে পারেননি। বর্তমানে ছয়জনই ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। এ ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে রামদাসপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে ছয়জন পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা।
খবর পেয়ে রামদাসপুর বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ভারতীয় সীমান্তের শূন্যরেখার অভ্যন্তরে শনাক্ত করে। পরে বিজিবি তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। একপর্যায়ে বিএসএফ ওই ছয়জনকে শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে একটি বাগানের মধ্যে সরিয়ে নেয়।
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে প্রস্তাব দেওয়া হয়েছে। বৈঠকের সময় নির্ধারণ হলে দুই পক্ষ আলোচনায় বসবে।
তিনি আরও জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন