বদলির আবেদন করতে গিয়ে নানা জটিলতায় পড়েছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকরা। এর মধ্যেই স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলির আবেদনের সময় শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট)।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানিয়েছে, বুধবার পর্যন্ত বদলির জন্য ১১ হাজার ৯৮৬ জন শিক্ষক আবেদন করেছেন। আবেদনের শেষ দিনে এ সংখ্যা আরও বাড়তে পারে।
তবে অনলাইনে আবেদন করতে গিয়ে অনেক শিক্ষক বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন। এসব সমস্যা নিয়ে অনেকে মাউশিতে এসে অভিযোগও করছেন। শিক্ষকদের দাবি, তাদের কোনো ভুলের কারণে এসব জটিলতা তৈরি হয়নি।
বিষয়টি নিয়ে আজ মাউশি ও বদলি কার্যক্রমের সফটওয়্যার নির্মাণকারী ভেন্ডর প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। মাউশির এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় ভেন্ডর প্রতিষ্ঠানের প্রতিনিধি আসিফের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে।
বৈঠকে শিক্ষকদের আবেদন করতে না পারাসহ বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরা হবে। সফটওয়্যারের ত্রুটি কিংবা অন্য কোনো কারণে সমস্যা হয়ে থাকলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এর আগে গত ২১ আগস্ট সকাল ১১টা থেকে অনলাইনে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ শুরু হয়। বৃহস্পতিবার আবেদনের শেষ দিন হওয়ায় সমস্যায় পড়া শিক্ষকদের মধ্যে আবেদন সম্পন্ন করা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন