লন্ডনে চিকিৎসাধীন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তাঁর সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) জানিয়েছে, তিনি সুস্থ আছেন এবং চিকিৎসা চলছে।
নিসচার মহাসচিব লিটন এরশাদ গ্লিটজকে বলেন, ‘মানুষ অতি উৎসাহী হয়ে এ ধরনের খবর ছড়ায়। লন্ডনে তাঁর পরিবারের সঙ্গে কথা হয়েছে, সেখানে তাঁর চিকিৎসা ভালো চলছে, তিনি ভালো আছেন।’
তিনি আরও বলেন, ‘একজন জীবিত মানুষকে নিয়ে যাচাই-বাছাই ছাড়া মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া শুধু দায়িত্বহীনতাই নয়, বরং তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও লাখো শুভানুধ্যায়ীর অনুভূতিতে আঘাত।’
নিসচার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে বিভ্রান্তি তৈরির ঘটনায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সংগঠনটির ভাষ্য, ইলিয়াস কাঞ্চন শুধু একজন জনপ্রিয় অভিনেতাই নন, দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। ফলে তাঁকে নিয়ে মিথ্যা মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়েছে।
মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর ২০২৫ সালের এপ্রিল থেকে ইলিয়াস কাঞ্চন লন্ডনে মেয়ের বাসায় অবস্থান করছেন। সেখানে অস্ত্রোপচারের পর দুই ধাপে কেমোথেরাপি নেওয়া হয়েছে।
১৫ মাসের বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার পর তিনি কিছুদিনের জন্য দেশে ফিরেছিলেন। এক সপ্তাহের বেশি সময় বাংলাদেশে কাটিয়ে গত ১২ আগস্ট আবারও চিকিৎসার জন্য যুক্তরাজ্যে ফিরে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
১৯৭৭ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘বসুন্ধরা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন ইলিয়াস কাঞ্চন। পরে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ১৯৮৯ সালের ‘বেদের মেয়ে জোসনা’ চলচ্চিত্র তাঁকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়।
১৯৯৩ সালের ২২ অক্টোবর এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর থেকেই তিনি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন। এরপর ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন ইলিয়াস কাঞ্চন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন