মাজার, পীরের তরিকা কিংবা কোনো ধর্মীয় স্থানে ভাঙচুর বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, ‘মাজার ধ্বংস করা হলে আমরা আর ঘরে বসে থাকব না। দেশে কোনো মাজার, পীরের তরিকা বা ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না।’
বুধবার (২৬ আগস্ট) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অন্তর্বর্তী সরকারের সময় মাজারে হামলার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলে দেশের ১২৭টি মাজার ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। মাজারগুলো বন্ধ করে দেওয়ারও চেষ্টা করা হয়। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করেছেন। ভবিষ্যতে কোনো মাজার ধ্বংস করা হলে আমরা আর ঘরে বসে থাকব না।’
ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘হজরত মুহাম্মদ (সা.) আমাদের দিকনির্দেশনা দেওয়ার জন্যই পৃথিবীতে এসেছিলেন। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না।’
তিনি আরও বলেন, ‘আমরা নবীর তরিকা ধরে ঐক্যবদ্ধ থাকব। রাসুল (সা.)-এর নবুয়তি জীবন, নীতি ও আদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’
রাসুল (সা.)-এর সময়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মদিনায় ব্যবসায়ীদের সম্পদ চুরি হলে রাসুল (সা.) ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন। সে সময় হিলফুল ফুজুল গঠন করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের প্রধান গোলাম মাহবুব জিহাদি।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য অ্যাডভোকেট এম এ বারী, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, দেবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানা, আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সদস্যসচিব মোশাররফ হোসেন বাবুল, শিক্ষাদাতা ও খাদেম আইনাল হকসহ অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য সফিকুল ইসলাম।
এতে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন