পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হুমায়রা বানু জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। ৫৪ বছর বয়সে বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন হুমায়রা। তবে কোনো ছবিতেই স্বামীর মুখ দেখা যায়নি। ছবিগুলোর সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘কখনো কখনো আমরা নিজেদের জন্য একরকম পরিকল্পনা করি, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের জন্য অন্য কিছু পরিকল্পনা করে রাখেন।’
জীবনের নতুন এই পথচলায় সৃষ্টিকর্তার পরিকল্পনার ওপর আস্থার কথাও জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, সৃষ্টিকর্তা যখন কোনো কিছু ঘটানোর নির্দেশ দেন, তখন সেই গন্তব্যে পৌঁছানোর পথও সহজ করে দেন।
হুমায়রা বানুর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে। ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও অভিনেত্রীর জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছেন।
পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ হুমায়রা বানু। বিভিন্ন নাটকে বিশেষ করে মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
‘রং মহল’, ‘ইশক জালেবি’, ‘চৌধুরী অ্যান্ড সন্স’, ‘জান্নাত সে আগে’, ‘মেহরুম’ ও ‘জান নিসার’সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন