বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাদ্রাসার আলিম শ্রেণিতে ভর্তির বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে। আবেদন, ফল প্রকাশ, ভর্তি নিশ্চায়ন, মাইগ্রেশন এবং ক্লাস শুরুর তারিখসহ পুরো ভর্তি প্রক্রিয়ার সময়সীমা জানানো হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের অধীন মাদ্রাসাগুলোতে আলিম শ্রেণির ভর্তি কার্যক্রম ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’ অনুযায়ী পরিচালিত হবে। ভর্তির সব কার্যক্রম নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
সূচি অনুযায়ী, ২ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফল পাওয়া শিক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন। পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফলে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত নতুন করে আবেদন করতে পারবেন। একই সময়ের মধ্যে পছন্দক্রম সংশোধনের সুযোগও থাকবে।
ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। এ জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
এরপর ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পরবর্তী ধাপে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলবে।
সব প্রক্রিয়া শেষে ২৩ সেপ্টেম্বর থেকে আলিম শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
আলিম ভর্তি ২০২৬-২৭: গুরুত্বপূর্ণ তারিখ
পুনর্নিরীক্ষণ/পুনর্মূল্যায়নের ফলপ্রাপ্তদের আবেদন: ২–১০ সেপ্টেম্বর
নতুন আবেদন ও পছন্দক্রম সংশোধন: ১২–১৩ সেপ্টেম্বর, রাত ৮টা পর্যন্ত
নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা: ১৬ সেপ্টেম্বর, রাত ৮টা
ভর্তি নিশ্চায়নের শেষ সময়: ১৮ সেপ্টেম্বর, রাত ৮টা
মাইগ্রেশনের ফল: ১৯ সেপ্টেম্বর, রাত ৮টা
ভর্তি কার্যক্রম: ২০–২২ সেপ্টেম্বর
ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন