নওগাঁয় ৩৮ কেজি ১০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের তারা দেবীর মূর্তিসহ মো. সাজেদুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক মূল্য ৩৮ লাখ ১০ হাজার টাকা।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার বাইপাস এলাকার সাদিয়া মার্কেটে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।
আটক সাজেদুল ইসলাম নওগাঁ সদর উপজেলার চকগোবিন্দ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। অভিযান শেষে রাত আনুমানিক ৮টার দিকে তাকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়। পরে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স সাদিয়া মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় মার্কেটের একটি ফার্নিচারের দোকানে তল্লাশি চালিয়ে সাজেদুল ইসলামকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ৩৮ কেজি ১০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের একটি তারা দেবীর মূর্তি উদ্ধার করা হয়। বিজিবির প্রাথমিক ধারণা, মূর্তিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা মূর্তিটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রত্নতত্ত্ব অধিদফতরের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে বিজিবি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন