বরিশালে বাস ও থ্রি-হুইলার চালকদের দীর্ঘদিনের বিরোধের জেরে মঙ্গলবার (২৫ আগস্ট) ফের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার থ্রি-হুইলার চালকরা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন। ফলে সকাল থেকে বরিশালের সঙ্গে বিভিন্ন উপজেলা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বাবুগঞ্জের বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন থ্রি-হুইলার চালকরা। এতে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
আন্দোলনকারী আব্দুল্লাহ মামুন ও নুর আলম অভিযোগ করেন, নথুল্লাবাদ বাস টার্মিনালে থ্রি-হুইলার থামিয়ে যাত্রী ওঠানোর চেষ্টা করলে প্রায়ই বাধা দেওয়া হয়। তাদের দাবি, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা অনেক সময় থ্রি-হুইলারে লাঠি দিয়ে আঘাতও করেন।
তারা বলেন, যাত্রী পরিবহন নিয়ে থ্রি-হুইলার চালকদের সঙ্গে বাস মালিক ও শ্রমিকদের বিরোধ দীর্ঘদিনের। এর স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এর আগে সোমবার মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে আন্দোলনে নামেন বাস মালিক ও শ্রমিকরা। তাদের আন্দোলনের কারণে দুপুর থেকে বরিশালের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ হয়ে যায়।
বরিশাল বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, তারা সরকারকে নিয়মিত রাজস্ব দিয়ে বাস পরিচালনা করছেন। কিন্তু মহাসড়কে অবৈধ যানবাহন ও থ্রি-হুইলার চলাচলের কারণে যাত্রী সংকট তৈরি হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
তিনি জানান, থ্রি-হুইলার মালিক সমিতি ও শ্রমিকদের সঙ্গে একাধিক বৈঠক করে তাদের চলাচল নিয়ে লিখিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু চালকরা সেই সিদ্ধান্ত মানছেন না। অনেক সময় তারা বাসের কাউন্টার এলাকায় অবস্থান করে যাত্রী নিয়ে বিভিন্ন উপজেলায় চলে যাচ্ছেন। নিষেধ করা হলেও কাউন্টার কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে।
এর আগে বরিশাল-বানারীপাড়া রুটের শিমুলতলা এলাকায় থ্রি-হুইলার চালকদের সঙ্গে বিরোধের জেরে কয়েকটি বাস ভাঙচুরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদ এবং মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বাস মালিক ও শ্রমিকরা আন্দোলনে নামেন।
এর একদিন পর মঙ্গলবার পাল্টা আন্দোলনে নামলেন থ্রি-হুইলার চালকরা। এতে বরিশাল-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ রুটে পরিবহন সংকট আরও তীব্র হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক করতে দুই পক্ষের সঙ্গে আলোচনা করছে পুলিশ। এয়ারপোর্ট থানার ওসি শাখাওয়াত হোসেন জানিয়েছেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।
পাল্টাপাল্টি আন্দোলনের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। দ্রুত দুই পক্ষের বিরোধের স্থায়ী সমাধান করে সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন