সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা’ কাশেমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান এ রিমান্ড আবেদন করেন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন।
এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে আবুল কাশেম পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে কাওরান বাজার এলাকায় যান খালেদা জিয়া।
এ সময় বাপেক্স ভবন, পল্লী ভবন, পরিবার পরিকল্পনা অফিস ও কাব্যকস সুপার মার্কেটের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান এবং গাড়িবহরের একাধিক গাড়ি ভাঙচুর করেন।
হামলায় বিএনপির কয়েকজন নেতাকর্মী ও খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত সিএসএফের সদস্যরা গুরুতর আহত হন।
পুলিশের দাবি, আবুল কাশেম পাটোয়ারীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন