যশোরের কেশবপুরে পিতার মৃত্যুর পর লাশ দাফন না করেই পৈতৃক জমি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ভাইসহ নারী-পুরুষ মিলিয়ে অন্তত ছয়জন আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার সন্নাসগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সন্নাসগাছা গ্রামের আব্দুল খালেক (৭৫) সোমবার সকাল ১০টার দিকে মারা যান। এরপর তার লাশ বাড়ির বারান্দায় রাখা হয়।
এ সময় পৈতৃক জমির ভাগ-বাটোয়ারা নিয়ে তার দুই ছেলে মাহাবুব রহমান ও আছাবুর রহমানের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দুই ভাই দা ও বাঁশের লাঠি নিয়ে একে অপরের ওপর হামলা চালান।
সংঘর্ষে মাহাবুব রহমান ও আছাবুর রহমানের মাথা ফেটে গুরুতর জখম হয়। এ সময় দুই পক্ষের হামলায় নারীসহ আরও চারজন আহত হন।
পরে এলাকাবাসী ও স্বজনেরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন এবং বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন।
সংঘর্ষের পর এলাকাবাসীর সহযোগিতায় পারিবারিক কবরস্থানে আব্দুল খালেকের দাফন সম্পন্ন করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন