ঝিনাইদহের শৈলকূপা পৌরসভা এলাকায় টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলায় আহত সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেন মারা গেছেন।
সোমবার (২৪ আগস্ট) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইলিয়াস হোসেন শৈলকূপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে ইলিয়াস হোসেনের ছেলে রিসালাত হোসেনের সঙ্গে চতুড়া গ্রামের মজিবর হোসেনের ছেলে মাজিদুল ইসলামের কথা-কাটাকাটি হয়।
এর জের ধরে ওইদিন বিকেলে হাজি মার্কেট এলাকায় ইলিয়াস হোসেনকে থামিয়ে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে টানা চার দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন