পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্লাস্টিক দূষণ রোধে নড়াইলে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে সামাজিক সংগঠন ‘চলো পাল্টাই বাংলাদেশ’ আয়োজন করেছে ‘৩টি প্লাস্টিক বোতল দিন, ১টি গাছের চারা নিন—সম্পূর্ণ বিনামূল্যে’ কর্মসূচি।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে কর্মসূচিটির উদ্বোধন করা হয়। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তারা খালি প্লাস্টিক বোতল জমা দিয়ে বিনিময়ে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির চারাগাছ সংগ্রহ করে।
আয়োজকদের দাবি, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং ব্যবহৃত প্লাস্টিকের সঠিক পুনর্ব্যবহার নিশ্চিত করতে নড়াইলে এ ধরনের উদ্যোগ এই প্রথম।
অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান অধিদফতরের উপপরিচালক আশিক এলাহী বলেন, প্লাস্টিক বর্জ্য মাটি, পানি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার সচেতনতা তৈরি করা জরুরি। তিনটি পরিত্যক্ত প্লাস্টিক বোতলের বিনিময়ে একটি গাছের চারা নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষার পাশাপাশি পরিচ্ছন্ন ও প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়ার বার্তাও দিচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, মির্জাপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রওশন আলী, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফসিয়ার রহমান এবং নড়াইল বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আব্দুল জলিল।
বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে।
‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর সভাপতি জাকারিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সংগৃহীত প্লাস্টিক বোতলগুলো প্রক্রিয়াজাতের জন্য রিসাইক্লিং সেন্টারে পাঠানো হবে। সেখান থেকে পাওয়া অর্থ সংগঠনের ভবিষ্যৎ পরিবেশবান্ধব প্রকল্পে ব্যয় করা হবে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন