জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও প্রচারণার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাদের হাজির করা হয়।
এর আগে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট ট্রাইব্যুনাল-২ তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে ২৪ আগস্ট তাদের আদালতে হাজির করার নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত টকশো ও অন্যান্য অনুষ্ঠানে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা উসকানিমূলক বক্তব্য দেন। এছাড়া ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও তাদের বিরুদ্ধে আনা হয়েছে।
প্রসিকিউশনের দাবি, এসব বক্তব্যের মাধ্যমে জুলাই আন্দোলনের বিরুদ্ধে একটি ‘কাউন্টার ন্যারেটিভ’ তৈরিতে তারা ভূমিকা রেখেছিলেন। তবে অভিযোগগুলো এখনো বিচারাধীন এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু ইতোমধ্যে শাপলা চত্বরের ঘটনাসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে শ্যামল দত্ত জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় নিম্ন আদালতের আদেশে কারাগারে রয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন