সিলেটের ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ সংঘর্ষে শিশুসহ ৯ জন নিহত হওয়ার ঘটনার ক্ষত শুকানোর আগেই ফের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের। মাত্র ১৫ দিনের ব্যবধানে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন—জগন্নাথপুর উপজেলার শ্রীরামিসী এলাকার গফুর মিয়ার ছেলে নিয়ামত আলী, তার স্ত্রী ও তাদের মেয়ে এবং শেরপুর এলাকার ফরিদ মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক লালন মিয়া।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণগ্রাম এলাকায় তেলবাহী একটি ট্রাক উল্টো পথে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকাগামী পদ্মা ডিপোর তেলবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো-ঢ ৪৪-০৬৫৪) ব্রাহ্মণগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে (মৌলভীবাজার-থ ১১-৮৩৫৩) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।
১৫ দিনের ব্যবধানে ফের প্রাণহানি
এর আগে গত ৭ আগস্ট সকালে ওসমানীনগরের কাসিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জন নিহত হন।
সেদিন সকাল ৭টার দিকে ঢাকামুখী ইউনিক পরিবহন ও সিলেটমুখী বেঙ্গল পরিবহনের স্লিপার বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর শিশুসহ আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় ১৩ জন আহত হন। নিহত ও আহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।
মাত্র ১৫ দিনের ব্যবধানে একই উপজেলার মহাসড়কে ফের বড় ধরনের দুর্ঘটনায় চারজনের প্রাণহানিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন