সহীহ সুন্নাহভিত্তিক দ্বীনি শিক্ষা ও তাজবীদসহ সহীহ কুরআন তেলাওয়াত শেখানোর লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুশলীবাসা এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘তা’লিমুস সুন্নাহ মক্তব’। গত ২০ আগস্ট মক্তবটির উদ্বোধন করা হয়।
স্থানীয়দের সহীহ কুরআন শিক্ষা প্রদান এবং দ্বীনি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্বে রয়েছেন তাহেরুন্নেছা ও উস্তাজাহ সাবিয়া খাতুন।
উস্তাজাহ সাবিয়া খাতুন দীর্ঘদিন ধরে কুরআন শিক্ষার সঙ্গে যুক্ত। তিনি ঢাকার উত্তরা তা’লিমুল কুরআন ফাউন্ডেশন ও হুফফাজ কোরআন শিক্ষাবোর্ড থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সহীহ তেলাওয়াতের সনদধারী। ২০১৮ সাল থেকে ঢাকার খিলক্ষেত এলাকায় সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি মক্তব পরিচালনা করছেন তিনি। বর্তমানে সেখানে শতাধিক শিক্ষার্থী নিয়মিত কুরআন ও দ্বীনি শিক্ষা গ্রহণ করছে।
মসজিদ-মক্তব ও এতিমখানা প্রতিষ্ঠার উদ্যোগ
এলাকার সন্তান হিসেবে দ্বীনি খেদমতের উদ্দেশ্যে উস্তাজাহ সাবিয়া খাতুন ২০২৫ সালের জানুয়ারিতে হালসা বাজারের বামনগাড়ী এলাকায় নিজ জমিতে ‘ফাতেমা বেগম আব্দুল জলিল ওয়াক্তিয়া মসজিদ, মক্তব ও এতিমখানা’ প্রতিষ্ঠা করেন।
তবে উদ্বোধনের পরপরই স্থানীয় একটি ধর্মীয় গোষ্ঠীর অনুসারীদের বাধার মুখে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের প্রত্যাশা, সবার সহযোগিতায় হালসা বাজারে বন্ধ হয়ে যাওয়া মসজিদ, মক্তব ও এতিমখানাটি দ্রুত পুনরায় চালু করা সম্ভব হবে।
এদিকে, নতুন চালু হওয়া ‘তা’লিমুস সুন্নাহ মক্তব’ এলাকার শিশুদের কুরআন ও দ্বীনি শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয় অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন