সিলেটের ওসমানীনগর উপজেলায় তেলবাহী পদ্মা কোম্পানির একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
পুলিশ জানায়, তেলবাহী ট্রাকটি সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল অটোরিকশাটি। ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে যান দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং সাতজন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে তিনজন অটোরিকশার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
উল্লেখ্য, এর আগে গত ৭ আগস্ট সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন