পঞ্চগড়ের বোদা উপজেলায় ঢাকা থেকে পঞ্চগড়গামী সালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে শিশুসহ ১৯ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে উপজেলার পাথরাজ মন্নাপাড়া এলাকায় জাতীয় মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল সালকি পরিবহনের বাসটি। ভোরে মন্নাপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে।
দুর্ঘটনার পর বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। আহতদের কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নেন। পরে শিশুসহ ৯ জনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মোট ১৯ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত ১৭ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয়দের সহায়তায় দ্রুত বাসের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন