ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামে কৃষক নায়েব আলী হত্যা মামলায় ছেলে আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুচ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মালিয়াট গ্রামের ইউনুচ আলী পাটোয়ারী (৫৬) ও তার ছেলে আল-আমিন পাটোয়ারী।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামে কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়।
তদন্ত শেষে পুলিশ গত বছরের ১৮ আগস্ট নায়েব আলী হত্যা মামলায় আল-আমিন ও তার বাবা ইউনুচ আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিচারিক কার্যক্রম শুরুর মাত্র সাত কার্যদিবসের মধ্যে মামলাটির রায় ঘোষণা করা হয়েছে।
রায়ে আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং ইউনুচ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন