সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাসহ যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাতে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. লুৎফার রহমানকে (৬৫) ফিংড়ী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার ভোরে সাতক্ষীরা শহরের বাটকেখালী এলাকার চালতেতলা থেকে যুবলীগ ও ছাত্রলীগের আরও চার নেতাকে গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীনুর ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, একই ইউনিয়নের ছাত্রলীগ নেতা ফরহাদ নাঈম এবং শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে চালতেতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানা-পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন