লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৯ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে মজিব উদ্দিন সেলিম নামে স্থানীয় একটি মাদরাসার নৈশপ্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মজিব উদ্দিন সেলিম স্থানীয় মমিনপুর দাখিল মাদরাসার নৈশপ্রহরী হিসেবে কর্মরত। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সম্পর্কে শিশুটির দাদা।
স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাতে জানা যায়, ঘটনার দিন দুপুরে মোবাইল ফোন দেখানোর কথা বলে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে যান মজিব উদ্দিন সেলিম। সেখানে শিশুটির ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ অভিযানে নামে। পরে পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলা থেকে অভিযুক্ত মজিব উদ্দিন সেলিমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন