‘আলোকিত মানুষ চাই’ স্লোগানকে সামনে রেখে ‘আলোর ইশকুল: চেতনার আলোকযাত্রা’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সুরের আসর ‘পূর্ণিমা সন্ধ্যা’। আগামী ২৯ আগস্ট ২০২৬, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের দক্ষিণ পাশের ছাদে বসবে এ সংগীতের আসর।
এবারের আয়োজনে সংগীত পরিবেশন করবেন দেশের বিশিষ্ট সংগীতশিল্পী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ড. অনিমা রায়।
আয়োজকরা জানিয়েছেন, সংগীতপ্রেমী ও সুধীজনদের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত থাকবে। পূর্ণিমার আবহে গান, আড্ডা ও কবিতার কথামালায় সাজানো হবে পুরো আয়োজন।
অনুষ্ঠান নিয়ে নিজের ফেসবুক পোস্টে ড. অনিমা রায় লিখেছেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ তাঁকে কোনো এক জ্যোৎস্নারাতে কেন্দ্রের ছাদে গান গাওয়ার কথা বলেছিলেন। সেই সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করে তিনি সংগীতপ্রেমীদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি জানান, এ আয়োজনে রবীন্দ্রনাথসহ তিন কবির গান ও কথামালা পরিবেশন করবেন তিনি। পাশাপাশি থাকবে গান ও আড্ডার আয়োজন।
‘আলোর ইশকুল’ জানিয়েছে, সংস্কৃতিপ্রেমী ও সংগীতানুরাগীদের জন্য এটি হবে বিশেষ একটি সন্ধ্যা। পূর্ণিমার আলোয় খোলা আকাশের নিচে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনটি ভিন্ন মাত্রা পাবে বলে আশা করছেন আয়োজকরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন