মৌলভীবাজারের কমলগঞ্জে দীর্ঘ ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে চা শিল্প। উপজেলার ২২টি চা বাগানে এখন চলছে চায়ের ভরা মৌসুম। কিন্তু বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত হওয়ায় কারখানাগুলোতে চা প্রক্রিয়াজাতকরণ ব্যাহত হচ্ছে। এতে স্বাভাবিক সময়ের তুলনায় উৎপাদন প্রায় ৪০ শতাংশ কমেছে।
চা বাগান সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অনেক কারখানায় নিয়মিত উৎপাদন কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। উৎপাদন বন্ধ ঠেকাতে কোথাও কোথাও জেনারেটর ব্যবহার করা হচ্ছে। এতে ডিজেলসহ জ্বালানি খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি উৎপাদন ব্যয়ও বাড়ছে।
বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে উৎপাদন প্রক্রিয়ার ধারাবাহিকতা নষ্ট হওয়ায় চায়ের মান নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। চা তৈরির ক্ষেত্রে কাঁচা পাতা সংগ্রহের পর নির্দিষ্ট সময়ের মধ্যে কারখানায় প্রক্রিয়াজাত করা জরুরি। দীর্ঘ সময় পাতা পড়ে থাকলে এর স্বাভাবিক গুণাগুণ ও মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
এ কারণে বিদ্যুৎ চলে গেলে কারখানার যন্ত্রপাতি বন্ধ রেখে অপেক্ষা করার সুযোগ থাকে না। বাধ্য হয়ে জেনারেটর চালিয়ে উৎপাদন সচল রাখতে হচ্ছে বাগান কর্তৃপক্ষকে।
ন্যাশনাল টি কোম্পানির মাধবপুর চা বাগানের ব্যবস্থাপক দিপন কুমার সিংহ বলেন, ভরা মৌসুমে চা উৎপাদনের ব্যস্ততম সময় চলছে। এ সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় কারখানা পরিচালনায় বড় ধরনের সমস্যা হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে উৎপাদনের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার পাশাপাশি গুণগত মান ঠিক রাখাও কঠিন হয়ে পড়ছে।
তিনি আরও বলেন, কারখানা সচল রাখতে জেনারেটর ব্যবহার করতে হচ্ছে। এতে অতিরিক্ত জ্বালানি ব্যয়ের পাশাপাশি উৎপাদন খরচও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে চলতি মৌসুমে চা বাগানগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।
চা বাগান কর্তৃপক্ষের মতে, বছরের যে সময়ে উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে থাকার কথা, ঠিক সেই সময় বিদ্যুৎ সংকট দেখা দেওয়ায় সম্ভাব্য উৎপাদনের একটি বড় অংশ হাতছাড়া হচ্ছে।
এদিকে বিদ্যুৎ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিস।
অফিসটির ডিজিএম রঞ্জন কুমার ঘোষ বলেন, গত দুই দিনে লোডশেডিংয়ের মাত্রা আগের তুলনায় কিছুটা কমেছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করছেন তারা।
বাগানসংশ্লিষ্টরা বলছেন, চা উৎপাদনের গুরুত্বপূর্ণ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করা না গেলে উৎপাদন ঘাটতির পাশাপাশি বাড়তি ব্যয় এবং চায়ের মানেও ক্ষতির আশঙ্কা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন