কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন নদীভাঙনকবলিত এলাকার শত শত মানুষ।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা গেটসংলগ্ন উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বড়ভিটা ইউনিয়নের ১ নম্বর চর মেখলী ওয়ার্ডের স্থানীয় জনগণের আয়োজনে এবং অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সহযোগিতায় মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ধরলা নদীর ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান। এ সময় বক্তব্য দেন সমাজসেবক আরিফুল ইসলাম আরিফ, বড়ভিটা ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর সংরক্ষিত আসনের মহিলা সদস্য লাইলী বেগম, ১ নম্বর ওয়ার্ড সদস্য ইলিয়াছ হোসেন, সমাজসেবক খয়ের উদ্দিন এবং অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য শিমু শেখসহ অনেকে।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, ধরলা নদীর অব্যাহত ভাঙনে চর মেখলী দিন দিন ছোট হয়ে যাচ্ছে। নদীভাঙনের কারণে এলাকার মানুষের বসতভিটা, আবাদি জমিসহ শত শত বিঘা জমি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে।
তারা আরও বলেন, চর মেখলীতে যাতায়াত ব্যবস্থাও অত্যন্ত নাজুক। ভাঙন অব্যাহত থাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদও হুমকির মুখে রয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ভুক্তভোগী এলাকাবাসী ধরলা নদীর ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও বসতভিটা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন