দীর্ঘ ১৯ বছর পর ‘আওয়ারাপান’ সিনেমার সিক্যুয়েল ‘আওয়ারাপান টু’ নিয়ে পর্দায় ফিরেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। নিতিন কাক্কার পরিচালিত সিনেমাটি গত ১৪ আগস্ট ভারতের প্রায় ৩ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দিশা পাটানি অভিনীত সিনেমাটি মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক নস্টালজিয়া তৈরি করে এবং অগ্রিম টিকিট বিক্রিতেও ভালো সাড়া পায়।
মুক্তির পর ‘আওয়ারাপান টু’ দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। রিভিউ অ্যাগ্রিগেটর ওয়েবসাইট রোটেন টমেটোজে ১০ জন সমালোচকের পর্যালোচনা প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। সমালোচকদের গড় রেটিং ১০-এর মধ্যে ৫ দশমিক ৮০।
দ্য সানডে গার্ডিয়ানের চলচ্চিত্র সমালোচক ভূমি ভাশিষ্ট ইমরান হাশমির অভিনয়ের প্রশংসা করেছেন। হিন্দুস্তান টাইমসের ঋষভ সুরি এবং বলিউড হাঙ্গামা সিনেমাটিকে ১০-এর মধ্যে সাড়ে ৩ রেটিং দিয়েছেন। অন্যদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের শুভ্রা গুপ্তা ও এনডিটিভির রাধিকা শর্মা সিনেমাটিকে দিয়েছেন আড়াই রেটিং।
প্রায় ৪৫ কোটি রুপি বাজেটের ‘আওয়ারাপান টু’ মুক্তির প্রথম তিন দিনেই বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। বলিউড মুভি রিভিজের তথ্য অনুযায়ী, প্রথম দিনে সিনেমাটি ২২ দশমিক ৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৩৩ দশমিক ৫ কোটি এবং তৃতীয় দিনে ২২ কোটি রুপি নিট আয় করেছে। তিন দিনে বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে ১০৫ দশমিক ২ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৪ কোটি ৮৪ লাখ টাকা।
অন্যদিকে স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির তিন দিনে ভারতে সিনেমাটির নিট আয় হয়েছে ৯৮ কোটি রুপি। একই সময়ে বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে ১১০ দশমিক ১০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪১ কোটি ১৩ লাখ টাকা।
‘আওয়ারাপান টু’র গল্পের পরিসর আগের সিনেমার তুলনায় আরও বিস্তৃত। থাইল্যান্ডের ব্যাংকককে পটভূমি করে মানবপাচার চক্রের কবল থেকে একটি ছোট মেয়েকে উদ্ধারের অভিযানে নামে শিবম পণ্ডিত। এই অভিযানে সামনে আসে সশস্ত্র দুষ্কৃতিকারী, অপরাধজগতের ক্ষমতাশালী চরিত্র এবং বিশ্বাসঘাতকতার জটিল সমীকরণ। ফলে সিনেমাজুড়ে অ্যাকশন ও আবেগ পাশাপাশি এগিয়ে যায়।
সিনেমায় ‘শিবম পণ্ডিত’ চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি এবং ‘জারা’ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন শাবানা আজমি, সুবিন্দর ভিকি ও বিজয়ন্ত কোহলি। সিনেমাটি প্রযোজনা করছেন ভিশেষ ভাট।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন