নড়াইলের কালিয়া উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে সবুজ মোল্যা (৩৭) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে কালিয়া-খুলনা সড়কের মাধবপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।
নিহত সবুজ মোল্যা মাধবপাশা গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মাধবপাশা বাজার এলাকায় একটি ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সবুজ মোল্যা। দুই যানবাহনের সংঘর্ষের মধ্যে পড়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন