কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহার করা হয়েছে। পৌরসভার দুই কর্মকর্তা-কর্মচারীকে মারধর ও অসদাচরণের অভিযোগ ওঠার পর তাকে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সগীর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-এ-খুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা পরিষদের ডাকবাংলোয় নিজের আবাসিক কক্ষে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক রশিদ এবং পরিচ্ছন্নতা শাখার চতুর্থ শ্রেণির কর্মচারী আনারুল ইসলামকে গালিগালাজ ও মারধর করেন সিইও ফজলে রাব্বী।
ভুক্তভোগী দুই কর্মচারীর অভিযোগের পর ঘটনার প্রতিবাদে ওই দিন দুপুর থেকে কর্মবিরতিতে যান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। অভিযুক্ত সিইওকে অপসারণ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন তারা। এতে পৌরসভার দাফতরিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।
ঘটনার পর কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ অভিযুক্ত সিইওর বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই দিন তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি পাঠান।
জেলা প্রশাসকের চিঠির পরিপ্রেক্ষিতে দুই দিনের মাথায় ফজলে রাব্বীকে প্রত্যাহারের আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ। তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন