দেশের সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র আইয়ুব বাচ্চু। প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশের রক ব্যান্ড সংগীতে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত এই কিংবদন্তি শিল্পী তাঁর সৃষ্টির মধ্য দিয়ে আজও অসংখ্য ভক্তের হৃদয়ে অম্লান হয়ে আছেন।
আইয়ুব বাচ্চুকে অনুসরণ করে সংগীতজীবনে পথচলা শুরু করেছেন এই প্রজন্মের অনেক শিল্পী। তাদেরই একজন তরুণ শিল্পী রাজেশ মজুমদার। প্রায় এক দশক ধরে তাঁর ব্যান্ড ‘লিডিয়ান’ আইয়ুব বাচ্চুর সংগীতভাবধারায় অনুপ্রাণিত হয়ে নিজেদের গান পরিবেশন করে আসছে।
এরই ধারাবাহিকতায় আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে ‘লিডিয়ান’ ব্যান্ড তৈরি করেছে মৌলিক গান ‘ঐ সম্মোহনের সুর’। গানটির কথা লিখেছেন ব্যান্ডের গীতিকার সঞ্জয় রায়।
গানটির সুর, কম্পোজিশন ও কণ্ঠ দিয়েছেন রাজেশ মজুমদার নিজেই। তাঁর সঙ্গে রয়েছেন ব্যান্ডের সহকারী লিড গিটারিস্ট রিন্টু, কিবোর্ডে পুলক, বেজ গিটারে রিভান এবং ড্রামসে তাপস মজুমদার।
আইয়ুব বাচ্চুর জন্মদিনে প্রকাশ
গানটি প্রসঙ্গে রাজেশ মজুমদার বলেন, ‘বাচ্চু ভাইয়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের একান্ত আর্তি থেকেই এ গানটি আমরা তাঁর জন্মদিন উপলক্ষে উৎসর্গ করতে চাই। তাঁর অসংখ্য জনপ্রিয় কিছু গানের শিরোনাম ও কথামালা নিয়ে গানটি একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’
আইয়ুব বাচ্চুর সঙ্গে নিজের স্মৃতির কথা তুলে ধরে রাজেশ বলেন, ‘মৃত্যুর কিছুদিন আগেও বাচ্চু ভাই তাঁর মিউজিক স্কুল গড়ে তোলার স্বপ্নের কথা জানিয়েছিলেন আমাকে। তাঁর সেই রেখে যাওয়া স্বপ্ন আমাদের সম্মিলিতভাবে পূরণ করতে হবে।’
তিনি জানান, আইয়ুব বাচ্চুর জন্মদিন ১৬ আগস্ট ‘লিডিয়ান’ ব্যান্ডের অফিসিয়াল পেজ থেকে গানটি প্রকাশ করা হবে।
রাজেশ মজুমদার শ্রোতাদের উদ্দেশে বলেন, ‘সৃষ্টির সঙ্গে থাকুন, সুন্দরের সঙ্গে থাকুন। শ্রোতাদের অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন