সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার আংশিক) আসনের বিএনপির সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ধানগড়া এলাকায় অবস্থানকালে সংসদ সদস্য আয়নুল হককে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় তার গাড়ি লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে গাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলায় এমপি আয়নুল হক আহত হননি।
ঘটনার পর দেওয়া এক ভিডিওবার্তায় আয়নুল হক অভিযোগ করেন, ‘আমার ওপর হামলা করা হয়েছে। আমি একজন সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই। আমাদের জানমালের নিরাপত্তা নেই।’
তিনি হামলার জন্য এনসিপি ও শিবিরের লোকজনকে দায়ী করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে, হামলার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা এলাকায় মিছিল করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ‘সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনার পর পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর আছে।’
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা বা লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন