সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১ হাজার ঘনফুট বালু ও চারটি পুরোনো স্টিলবডি নৌকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপার, সুনামগঞ্জের নির্দেশনায় এবং বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের গাঘটিয়া এলাকার আজমান মিয়ার বাড়ির সামনে রুপসা নদীতে অভিযান চালান এসআই মনিরুল হক মুন্সীসহ পুলিশের একটি দল।
অভিযানে প্রায় ১ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। একই সঙ্গে চারটি পুরোনো স্টিলবডি নৌকা জব্দ করা হয়েছে, যেগুলোর আনুমানিক মোট মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জের সোনাপুর এলাকার নিজাম উদ্দিনের ছেলে মো. আবদুল্লা (২১), একই এলাকার মো. আলীর ছেলে মো. আক্তার হোসেন (৩৫), ভাদেরটেক (মনিপুরহাটি) গ্রামের মো. কুদ্দুছ মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৫) এবং সোনাপুর গ্রামের মো. রবি মিয়ার ছেলে মো. সৌরভ মিয়া (১৯)।
এ ঘটনায় বিশ্বম্ভরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি বিশ্বম্ভরপুর থানার মামলা নম্বর-১৭, তারিখ ১৪ আগস্ট ২০২৬। জিআর নম্বর-১৯৯।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চার আসামিকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
বিশ্বম্ভরপুর থানার ওসি মো. শাহিন মিয়া বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সুনামগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, পরিবেশ রক্ষায় সব ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বালু উত্তোলনের কারণে যদি মানুষের বাড়িঘর ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এসব কার্যক্রম বন্ধ করা প্রয়োজন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন