চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এক দিনে ৪ হাজার ৫০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ‘এক দিনে এক লাখ বৃক্ষরোপণ’ মেগা প্রকল্পের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম জেলার ১৬টি উপজেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলাজুড়ে ১৫ হাজারের বেশি মানুষ অংশ নেন বলে জানা গেছে।
কর্মসূচির আওতায় সন্দ্বীপের দীর্ঘাপাড় থেকে কোম্পানীগঞ্জ সড়ক, দীর্ঘাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিরহাট থেকে সেনেরহাট সড়ক, বিভিন্ন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও পুরোনো দীঘির পাড়সহ বিভিন্ন স্থানে নারকেল, ঔষধি ও বিভিন্ন প্রজাতির ফলদ গাছ রোপণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া উপকূলীয় এলাকায় নারকেল গাছ রোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উপকূলীয় পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন বলেন, উপকূলীয় এলাকায় বেশি বেশি গাছ লাগাতে হবে। বন্যা, জলোচ্ছ্বাসসহ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় গাছ আমাদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার উপস্থিত থাকার কথা থাকলেও পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থান করায় তিনি উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার, উপজেলা বিএনপির সদস্যসচিব আলমগীর হোসেন ঠাকুরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক নেতারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন