পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ক্রসফায়ার-সংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, এ ধরনের বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী।
সোমবার (২৬ অক্টোবর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের প্রধান দায়িত্ব। পুলিশ নাগরিকদের সেবক, শাসক নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান হিসেবে ঢাকায় এক অনুষ্ঠানে আইজিপির দেওয়া বক্তব্য চাকরিবিধির লঙ্ঘন বলে মনে করে জামায়াত।
সম্প্রতি এক অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে আখ্যা দেয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে। এ সময় তিনি বলেন, “যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব।”
আইজিপির এ বক্তব্যের সমালোচনা করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফ্যাসিস্ট আমলে দেশের নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা এবং বাক্স্বাধীনতা ছিল না। বিনা বিচারে মানুষ হত্যা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে নাগরিকদের তুলে নিয়ে হত্যা, ক্রসফায়ার ও গুমের ঘটনা ঘটেছে। আইজিপির বর্তমান বক্তব্যে একই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তির হুমকি ও ইঙ্গিত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতের এ নেতা বলেন, আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে আইজিপির এমন বক্তব্যকে অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত বলে উল্লেখ করা হয়। দলটির দাবি, এ ধরনের বক্তব্য দেশে ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনার ইঙ্গিত দেয়। রাষ্ট্রকে সংকটে ফেলার গভীর ষড়যন্ত্রের বিষয়টিও সরকারের ও সরকারদলীয় বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বিএনপির সন্ত্রাসীদের দমন, চাঁদাবাজি বন্ধ এবং মাদক নির্মূলে ব্যর্থতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অকার্যকারিতার পরিচায়ক।
নাগরিকদের জীবনযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন