নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রতিনিধি নিজাম উদ্দিন খোন্দকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিবিম্বের প্রতিনিধি আলাউদ্দিন আলো।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে ক্লাবের সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের ২১ জন সদস্যের মধ্যে ২০ জনের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। পরে ক্লাবের জ্যেষ্ঠ সদস্য রফিকুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।
নির্বাচনে সভাপতি পদে নিজাম উদ্দিন খোন্দকার ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আলাউদ্দিন আলো পান ১৮ ভোট। ভোট গণনা শেষে দুটি ভোট বাতিল ঘোষণা করা হয়।
ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি সাংবাদিক মোহাম্মদ হারুন জানান, সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত ২০ জন সাংবাদিক নির্বাচনে অংশ নেন। ব্যালট পেপারের মাধ্যমে গোপন ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
তিনি আরও জানান, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ক্লাবের সভাকক্ষে প্রায় দুই ঘণ্টা ভোট গ্রহণ চলে। সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ব্যালট পেপারের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ক্লাবের গণতান্ত্রিক প্রক্রিয়া ও সদস্যদের মতামতের ভিত্তিতে বাকি সম্পাদকীয় পদগুলোতে দায়িত্বশীলদের নির্বাচিত করে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. রফিকুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন মো. সাহাব উদ্দিন ও মো. মনোয়ারুল হক।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন