বিশ্বের শীর্ষ ধনী ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে নিজের প্রতিষ্ঠানের একটি করে শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী বছর থেকে এ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। তবে শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাননি মাস্ক।
সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক জানান, যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের একটি করে শেয়ার দেবেন তিনি। এ উদ্যোগকে ভবিষ্যতে আরও এমন কার্যক্রমের সূচনা হিসেবেও উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশটিতে ১৮ বছরের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় ৭ কোটি ৩০ লাখ। স্পেসএক্সের গত শুক্রবারের শেয়ারমূল্য ১৪৬ দশমিক ০৩ ডলার ধরে হিসাব করলে, এ উদ্যোগের সম্ভাব্য বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১০ দশমিক ৬৬ বিলিয়ন ডলার।
শিশুদের কাছে কীভাবে শেয়ার পৌঁছে দেওয়া হবে কিংবা কারা এ সুবিধা পাওয়ার যোগ্য হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ করেননি মাস্ক। তবে যুক্তরাষ্ট্র সরকারের ‘ট্রাম্প অ্যাকাউন্টস’ কর্মসূচির মাধ্যমে শিশুদের জন্য বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়টি এ উদ্যোগের সম্ভাব্য প্রেক্ষাপট হিসেবে আলোচনায় এসেছে।
মাস্কের এ ঘোষণার ঠিক আগের দিন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক তাদের শেয়ারের ৫ শতাংশ একটি জনকল্যাণমূলক তহবিলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, ভবিষ্যতে মূল্যায়ন বাড়ার সঙ্গে তহবিলে আরও শেয়ার যুক্ত করার সুযোগও থাকবে। তবে এ উদ্যোগ বাস্তবায়নে শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন।
চলতি বছরের জুনে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় স্পেসএক্স। ফ্যাক্টসেটের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির ১০ দশমিক ৫ শতাংশ শেয়ারের মালিক মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের হিসাবে, বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৯০৪ বিলিয়ন ডলার।
সূত্র: সিবিএস নিউজ
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন