নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় ইয়ারপুর ইউনিয়নের হাফেজা খাতুন ইসলামিয়া মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য এবং নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি সরকার দেশের সর্বস্তরের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিটি বাড়িতে গিয়ে সরেজমিনে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে সঠিক ও স্বচ্ছতার সঙ্গে তথ্য সংগ্রহ করবেন।
তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলার কারণে যেন অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইরফানুল হক চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস এবং ইয়ারপুর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাহার।
এ সময় কাবিলপুর ও নবগঠিত ইয়ারপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন