নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। শনিবার (১৭ অক্টোবর) তিনি হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী নারীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আল্ট্রাসনোগ্রাফি মেশিনের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি দ্রুত সমস্যাটির সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
স্থানীয়ভাবে আল্ট্রাসনোগ্রাফি সেবা নিশ্চিত করা গেলে গর্ভবতী নারীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সহজ হবে এবং এ জন্য দূরবর্তী হাসপাতালে যাতায়াতের ভোগান্তি কমবে। এতে সেনবাগ উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
পরিদর্শনকালে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইরফানুল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ, বিএনপির সাবেক ছাত্রনেতা তারেক মাহমুদ ভূঁইয়া, সেনবাগ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন শামীমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন