যুক্তরাষ্ট্রে পেশাগত দায়িত্ব পালনের জন্য যেতে আগ্রহী বিদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল যাচাই-বাছাইয়ের নতুন নীতি কার্যকর করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। ১ অক্টোবর থেকে ‘আই’ (I) ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে এই নীতি কার্যকর হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তর নতুন এই নীতি ঘোষণার সময় জানায়, অনলাইনে আবেদনকারীদের উপস্থিতি যাচাইয়ের আওতা বাড়িয়ে ‘আই’, ‘টিএন’ ও ‘টিডি’ নন-ইমিগ্র্যান্ট ভিসাকে এর অন্তর্ভুক্ত করা হবে। এই যাচাই প্রক্রিয়া সহজ করতে সংশ্লিষ্ট আবেদনকারীদের সব সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলের গোপনীয়তা সেটিং ‘পাবলিক’ বা ‘ওপেন’ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
‘আই’ ভিসা মূলত বিদেশি সংবাদমাধ্যম, প্রেস, রেডিও, চলচ্চিত্র ও অন্যান্য তথ্যভিত্তিক গণমাধ্যমের প্রতিনিধিদের জন্য। পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে যাওয়া সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা এই ভিসার আওতায় পড়েন।
নতুন নীতির ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ভিসা আবেদন প্রক্রিয়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল উন্মুক্ত রাখতে হবে। এর মাধ্যমে মার্কিন কর্তৃপক্ষ আবেদনকারীদের অনলাইন উপস্থিতি পর্যালোচনা করবে।
তবে আবেদনকারীদের কত বছর বা কতদিন আগের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পর্যালোচনা করা হবে, কতদিন প্রোফাইল ‘পাবলিক’ রাখতে হবে কিংবা ঠিক কোন ধরনের অনলাইন কনটেন্ট যাচাই করা হবে—এসব বিষয়ে ঘোষণায় নির্দিষ্ট সময়সীমা বা বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়নি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসা যাচাই-বাছাইয়ের সময় আবেদনকারীর গ্রহণযোগ্যতা ও নিরাপত্তাসংক্রান্ত বিষয় মূল্যায়নে বিভিন্ন উৎসের তথ্য ব্যবহার করা হয়। নতুন সিদ্ধান্তটি আগে থেকেই কয়েকটি নন-ইমিগ্র্যান্ট ভিসা শ্রেণির ক্ষেত্রে চালু থাকা অনলাইন উপস্থিতি যাচাইয়ের পরিধি আরও বাড়িয়েছে।
এর আগে ২০১৯ সাল থেকে অধিকাংশ ভিসাপ্রার্থীর কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সংগ্রহের ব্যবস্থা চালু ছিল। পরবর্তী সময়ে বিভিন্ন ভিসা শ্রেণির আবেদনকারীদের অনলাইন উপস্থিতি যাচাইয়ের আওতায় আনা হয়। নতুন সিদ্ধান্তের মাধ্যমে বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য ব্যবহৃত ‘আই’ ভিসার পাশাপাশি ‘টিএন’ ও ‘টিডি’ ভিসাও এই যাচাইয়ের আওতায় যুক্ত হয়েছে।
‘টিএন’ ভিসা যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির আওতায় যোগ্য কানাডীয় ও মেক্সিকান পেশাজীবীদের যুক্তরাষ্ট্রে পেশাগত কাজে প্রবেশের জন্য ব্যবহৃত হয়। আর ‘টিডি’ ভিসা সাধারণত তাদের স্বামী বা স্ত্রী এবং নির্ভরশীল সন্তানদের জন্য প্রযোজ্য।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন