প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। দিনব্যাপী সরকারি এ সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় রাজধানীর বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ কাজের উদ্বোধন করবেন।
প্রকল্পটির মাধ্যমে ওই অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার কৃষি ও জনজীবনে এর প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
পরশুরামের কর্মসূচি শেষে বেলা সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রী ফুলগাজীর উদ্দেশে যাত্রা করবেন। বেলা দেড়টার দিকে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে পৌঁছে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
এরপর বেলা ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় গিয়ে রুফটপ সোলার প্যানেল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দিনের পরবর্তী কর্মসূচিতে বিকেল ৩টার দিকে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হবে। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচিও রয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টার দিকে সড়কপথে ফেনী থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই ফেনীতে প্রথম সফর। সফরকে কেন্দ্র করে পরশুরাম ও ফুলগাজীতে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং স্থানীয় পর্যায়েও বিভিন্ন প্রত্যাশা সামনে এসেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন