কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করার অভিযোগে আটক স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালনকে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুলিশ তাকে নিরাপদে নিজ বাসভবনে পৌঁছে দেয়। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান।
গোলাম কিবরিয়া লালন দৌলতপুর উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং পুলিশি নিরাপত্তায় বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে। বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাসে জাতিসংঘে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভাষণের প্রসঙ্গ ওঠে। এ সময় শিক্ষক লালন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন বলে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন। বিষয়টি পরে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে।
বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বেলা ১১টার দিকে শিক্ষক লালনকে হেফাজতে নেয়।
পরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তাকে কোনো ধরনের হেনস্তা না করে সসম্মানে ও নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানান মাহ্দী আমিন। তার ভাষ্য, প্রধানমন্ত্রী ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতাকে গণতান্ত্রিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেন।
এদিকে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান মুকুল জানিয়েছেন, বিষয়টি নিয়ে ভুল-বোঝাবুঝি তৈরি হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, শিক্ষক লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি মূলত প্রধানমন্ত্রীর দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে বাংলা উচ্চারণে কিছুটা অস্পষ্টতা তৈরি হয়েছে—এমন মন্তব্য করেছিলেন বলে প্রধান শিক্ষক জানান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষককে ছেড়ে দেওয়ার পর তাকে নিরাপদে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল, বর্তমানে তার পরবর্তী পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন